অপারেশন ক্লিন হার্ট’ আগে প্রশাসনের ওপর চালানো উচিত: এমপি মাজেদ

জাতীয়
অপারেশন ক্লিন হার্ট’ আগে প্রশাসনের ওপর চালানো উচিত: এমপি মাজেদ
১০ অক্টোবর ২০২৬

সারের লাইসেন্স বিতরণে অনৈতিক লেনদেন ও আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, সারের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অর্থ লেনদেন হচ্ছে। এ বিষয়ে কারা কত শতাংশ অর্থ নিচ্ছেন, তা তিনি জানেন বলেও দাবি করেন।

পোস্টে সংসদ সদস্য লেখেন, ‘সারের লাইসেন্স দেওয়ার নামে অনৈতিক লেনদেন ও আওয়ামী লীগের লোকদের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে। সারের লাইসেন্স নিয়ে বিভিন্ন মানুষ টাকা দিতে চায়, আমি সেগুলো বাদ দিয়েছি। ঈশ্বরগঞ্জে এক টাকার অনৈতিক সুবিধা আমি নিই না, কোনোদিন নেবোও না।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরিষা ইউনিয়নে লাইসেন্স বিতরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে লাইসেন্স দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, অর্থের বিনিময়ে অন্যদের ডিঙিয়ে লাইসেন্স পাওয়ার ঘটনায় উপজেলা ও জেলা প্রশাসনের সততা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এমপি বাবু। তিনি লেখেন, ‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয় তা আমি জানি। এদের বিরুদ্ধে মুখ খুলতে চাই নাই।’

লাইসেন্স বিতরণ নিয়ে প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করে তিনি বলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত ঈশ্বরগঞ্জে তাঁর মনোনীত কাউকে সারের লাইসেন্স দেওয়া হবে না।

দলীয় নেতাকর্মীদের মামলা ও হামলার শিকার হওয়ার প্রসঙ্গ তুলে সংসদ সদস্য আরও লেখেন, ‘আমাদের লোকেরা মামলা, হামলা খাবে আর আপনারা পয়সার বিনিময়ে সারের লাইসেন্স দেবেন, তা হবে না।’

পোস্টের শেষাংশে প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের শুদ্ধি অভিযানের আগে প্রশাসনের অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে সারের লাইসেন্স বিতরণে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।