ঢাকায় অর্ধশত চেকপোস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা

জাতীয়
ঢাকায় অর্ধশত চেকপোস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা
১০ অক্টোবর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন তৎপরতার তথ্যের মধ্যে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাম্প্রতিক সময়ে গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনার পর গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার এবং প্রবেশ ও বহির্গমনপথসহ বিভিন্ন স্থানে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং মোটরসাইকেল চলাচলে নজরদারি বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে যুগান্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা ও সহিংসতার পেছনে শীর্ষ সন্ত্রাসীদের মদদ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের তথ্য গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এসব ঘটনার মাধ্যমে জনজীবনে অস্থিতিশীলতা তৈরি করে সরকারকে চাপে ফেলার চেষ্টা হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সূত্রটি জানায়, পরিস্থিতি মোকাবিলায় যৌথ অভিযান চালানোর প্রয়োজনীয়তা বিবেচনা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও বলা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তি ও ইন্ধনদাতাদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যাদের নাম আসছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। অপরাধীদের ধরতে পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। এসব অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, নতুন করে সক্রিয় হয়ে ওঠা অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রবেশপথে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিএমপির পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে। সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী জানান, রাজধানীজুড়ে ৪০টির বেশি চেকপোস্ট ও ২১টি টহল দল কাজ করছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা ও আভিযানিক দল মাঠে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমেও নজরদারি চালানো হচ্ছে বলে জানান তিনি।