সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃ’ত্যু, ঢাকার তীব্র প্রতিবাদ

জাতীয়
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃ’ত্যু, ঢাকার তীব্র প্রতিবাদ
১১ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা বন্ধ করে আঞ্চলিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবরের হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

চলমান সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেছে ঢাকা।