প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সৌজন্য সাক্ষাৎ
অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, কৌশলগত অংশীদারত্ব জোরদার, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, জ্বালানি নিরাপত্তা, কৃষি উন্নয়ন ও জলবায়ু অর্থায়নসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করা এবং কৌশলগত অংশীদারত্বের নতুন ক্ষেত্র তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা ও প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এ সংকটের স্থায়ী সমাধান হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করা।
রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশের অবস্থানের সঙ্গে একমত পোষণ করেন কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সরাই।
তেল-এলএনজি সরবরাহে সহযোগিতার আগ্রহ
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে কানাডা। বাংলাদেশের পক্ষ থেকেও এ প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) সম্প্রসারণ এবং দক্ষ নার্স তৈরির লক্ষ্যে প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় কানাডা।
কৃষি খাতে ডাল ও তৈলবীজ উৎপাদন এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) মাধ্যমে খাদ্যনিরাপত্তা জোরদারেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ফ্যামিলি কার্ডে দারিদ্র্য বিমোচনের সম্ভাবনা
বৈঠকে সরকারের ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিষয়ে কানাডার প্রতিনিধিদলকে অবহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একাধিক খাদ্য ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচি একীভূত করে ফ্যামিলি কার্ডের আওতায় আনা গেলে অতিরিক্ত প্রায় সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে।
কৃষকদের তথ্য ব্যবস্থাপনায় কানাডার প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
পাঁচ বছরে জলবায়ু অর্থায়নে ১৩ বিলিয়ন কানাডীয় ডলারের পরিকল্পনা
কানাডার প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নে ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলার বরাদ্দের পরিকল্পনা রয়েছে তাঁর দেশের। এ অর্থায়ন থেকে বাংলাদেশও উপকৃত হতে পারবে।
পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, খাল খনন ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মতো পরিবেশবান্ধব উদ্যোগে সহায়তার আগ্রহ প্রকাশ করে কানাডা।
প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা, কানাডা সফরের আমন্ত্রণ
কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক অবদানের প্রশংসা করেন রণদীপ সরাই। কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত দুজন সদস্যের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে কানাডা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান কানাডার প্রতিমন্ত্রী।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


