৫ নভেম্বর খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ৫ নভেম্বর খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর সামনে রেখে সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত জানিয়েছেন, জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি নেওয়ার প্রবণতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অবৈধ স্থাপনা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে এসব স্থাপনা সরিয়ে নিতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
প্রস্তুতির অংশ হিসেবে গাড়ি রিকুইজিশন, বিশ্রামস্থল, হেলিপ্যাড, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা, বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরাপত্তা পাসের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসনের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল ও কানিজ ফাতেমা লিজা, এনএসআইয়ের খুলনা পরিচালক আহমেদ কবীর এবং পুলিশ কর্মকর্তা মো. রেজাউর রহমান ও আবির সিদ্দিকী শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল ও সংশ্লিষ্ট এলাকায় সার্বিক প্রস্তুতি সমন্বয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন।


