কক্সবাজারগামী ট্রেনে উঠতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনী থেকেও
ঢাকা থেকে কক্সবাজারে ট্রেনযাত্রা আরও সহজ করতে নতুনভাবে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস। আগামী ২৬ অক্টোবর থেকে ট্রেনটির বর্ধিত সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন এলাকার যাত্রীরা ট্রেন পরিবর্তন না করেই সরাসরি কক্সবাজারে যাতায়াত করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানান, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের মতো বিরতিহীনভাবে চলবে না মহানগর এক্সপ্রেস। যাত্রাপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি।
নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। সেখানে যাত্রাবিরতির পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
যেসব স্টেশনে থামবে ট্রেন
নতুন সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট এবং ফেনী জংশন বা স্টেশনে যাত্রাবিরতি করবে। তবে নতুন সূচিতে চট্টগ্রামের কুমিরা স্টেশনে ট্রেনটির বিরতি থাকছে না।
থাকছে বিভিন্ন শ্রেণির আসন
দীর্ঘপথের যাত্রা আরামদায়ক করতে মহানগর এক্সপ্রেসে শোভন চেয়ার, স্নিগ্ধা (এসি চেয়ার), এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা থাকবে। এতে যাত্রীরা নিজেদের পছন্দ ও বাজেট অনুযায়ী আসন বেছে নিতে পারবেন।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। নতুন করে মহানগর এক্সপ্রেস যুক্ত হলে পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াতের সুযোগ আরও বাড়বে বলে আশা করছে রেলওয়ে।


