এবার সারাদেশে দুর্গাপূজা হবে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে
দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটির ব্যবস্থা করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি এবং ঢাকা মহানগরে ২৫৮টি মন্দির-মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পূজামণ্ডপের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ১১ দফা নির্দেশনা তুলে ধরা হয়। নির্দেশনার মধ্যে রয়েছে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতৃত্বকে সম্পৃক্ত করা। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দিনরাত পাহারার ব্যবস্থা এবং তাঁদের তালিকা নিকটস্থ থানায় জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
এ সময় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ আট দফা দাবি তুলে ধরা হয়।
পঞ্জিকা অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজা ও দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর পূজা শেষে বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আয়োজন শেষ হবে।
দুর্গাপূজা উপলক্ষে এবার টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত রয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি মিলবে।


