শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসবে বাংলাদেশ

জাতীয়
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসবে বাংলাদেশ
১৭ অক্টোবর ২০২৬

ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে বাংলাদেশ।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, অক্টোবরের শেষদিকে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে দুর্গাপূজার কারণে নভেম্বরের শুরুতে সংলাপটি আয়োজনের আগ্রহ প্রকাশ করে ভারত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানায় ঢাকা। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও তাঁকে ফেরত চেয়ে ভারতের কাছে নতুন করে অনুরোধ জানানো হয়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগেই মহাপরিচালক পর্যায়ে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে আসন্ন সংলাপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান এবং আলোচনার অগ্রগতি ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গতিপথে প্রভাব ফেলতে পারে।

 

সূত্র: যুগান্তর