আ.লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণার শামিল: প্রধানমন্ত্রী
বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশের স্বার্থে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। বিরোধী দল আবার আগের অবস্থানে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার সুযোগ নেই।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—দুটিরই লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।
জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেয়েছে।
তারেক রহমান বলেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী পাঁচ বছর এই সরকার দেশ পরিচালনা করবে।
ডেঙ্গু প্রতিরোধের বিষয়েও বিরোধী দলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এডিস মশা সরকারি দল বা বিরোধী দল চেনে না। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমে সবাইকে অংশ নিতে হবে।
এ ছাড়া হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


