চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ

জাতীয়
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ
১৯ অক্টোবর ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন নিয়ে কাজ এগিয়ে নেওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ইউপি নির্বাচন শেষ হওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করা হবে। আপাতত এসব নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মনে হয় না যে সব করতে পারব। এটি আমার ব্যক্তিগত মতামত।’

নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণে আবহাওয়া এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিতে হচ্ছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। বিভিন্ন কারণে নির্বাচনের পরিকল্পনা ও সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে উল্লেখ করেন তিনি।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে কি না, এমন প্রশ্নের জবাবে মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।

নির্বাচনের তফসিল ঘোষণার সময় সম্পর্কেও বিস্তারিত জানাননি তিনি। তাঁর ভাষ্য, তফসিল ঘোষণার আগে এ নিয়ে প্রয়োজনীয় কাজ করা হবে। কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি, তাই এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি।

নির্বাচনী আইন পরিবর্তন না করেও সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে কি না, জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আছে, সেটাও আছে। আইন পরিবর্তন না করলেও আছে।’

ইউপি নির্বাচনের প্রথম ধাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, এ প্রশ্নে তিনি জানান, প্রথম ধাপের পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ধাপে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সাংবাদিকেরা উল্লেখ করেন, ইউপি নির্বাচনসহ স্থানীয় সরকারের আওতাধীন সব নির্বাচন আয়োজনের জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও গণমাধ্যমের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। জবাবে মাছউদ বলেন, বর্তমানে কমিশন ইউপি নির্বাচন নিয়েই কাজ করছে। এ ব্যস্ততার কারণে অন্যান্য নির্বাচন নিয়ে এখনই বিস্তারিত পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।