ক্ষমতাশালী হলেও অপরাধীকে ছাড় নয়, মাদক-চাঁদাবাজিতে জিরো টলারেন্স: আইজিপি

জাতীয়
ক্ষমতাশালী হলেও অপরাধীকে ছাড় নয়, মাদক-চাঁদাবাজিতে জিরো টলারেন্স: আইজিপি

ছবি: সংগৃহীত

২০ অক্টোবর ২০২৬

অপরাধী যে মতের, বর্ণের বা ধর্মের হোক কিংবা যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মাদক, কিশোরগ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে পুলিশকে ঘুরে দাঁড় করাতে সদস্যদের মনোবল, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও আইন মেনে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইজিপি বলেন, পাড়া-মহল্লায় তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে, যা বিভিন্ন অপরাধের অন্যতম কারণ হয়ে উঠছে। কিশোরগ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আলী হোসেন ফকির।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।