সবার অংশগ্রহণে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জাতীয়
সবার অংশগ্রহণে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

২০ অক্টোবর ২০২৬

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। তাই ঐক্যবদ্ধভাবে পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়াই হওয়া উচিত সবার লক্ষ্য।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে সেখানে যান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে দেশ গড়ার কাজে অংশ নেবেন—এটাই প্রত্যাশিত। সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে কৃষকদের দীর্ঘদিনের কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

তারেক রহমান বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে এবং শিগগিরই কৃষক কার্ড চালুর উদ্যোগ রয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে।

সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে। কয়েক কিলোমিটারজুড়ে উৎসুক জনতার উপস্থিতি দেখা যায়। এ সময় তাঁরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।