ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জাতীয়
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
২০ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন পর প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় ইশরাক বলেন, আত্মরক্ষার স্বার্থেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং তার দাবি অনুযায়ী, এতে কোনো আইন লঙ্ঘন হয়নি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে অস্ত্র প্রদর্শনের ঘটনার ব্যাখ্যা দিয়ে ইশরাক বলেন, তিনি মনে করেন, কোনো ভুল করেননি। নিজের নিরাপত্তার জন্য কিছু সময়ের জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন। তার ভাষ্য, “চাঁদা তুলতে যাই নাই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম।”

তিনি অভিযোগ করেন, অভিযানের সময় অস্ত্র হাতে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্নভাবে তুলে ধরায় মাদকবিরোধী অভিযানের মূল বিষয়টি আড়ালে পড়ে গেছে।

তবে নিজের আচরণে কারও ক্ষতি হয়ে থাকলে বা কাউকে আঘাত দিয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন ইশরাক। একই সঙ্গে পদত্যাগের সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনের দায়িত্বের অবসান হলো।