বিদ্যুৎ সংকট মোকাবিলায় গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

জাতীয়
বিদ্যুৎ সংকট মোকাবিলায় গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ
২১ অক্টোবর ২০২৬

আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ খাত থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত। তিনি বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। সরকারের নীতিগত সহায়তায় এ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে।

বুধবার যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশের কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের এটিই প্রথম উদ্যোগ বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ছয় কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। তাঁর জানা মতে, দেশের অন্য কোনো রাজনৈতিক কার্যালয়ে এখন পর্যন্ত এ ধরনের প্যানেল স্থাপন করা হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যশোর জেলা বিএনপি কার্যালয়ের এ উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও নিজেদের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন অনিন্দ্য ইসলাম আমিত।

সৌরবিদ্যুতের ব্যবহার কৃষি খাতেও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সেচ পাম্পগুলো সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমবে। পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।

তিনি আরও জানান, যশোর জেলা বিএনপি কার্যালয়ে নিজস্ব অর্থায়নে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। কার্যালয়ের নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রয়েছে। তাঁর ধারণা, সব দিক বিবেচনায় আগামী সাড়ে তিন বছরের মধ্যে এ সৌর প্যানেল স্থাপনের খরচ উঠে আসবে।

এর আগে প্রতিমন্ত্রী শহরের লালদিঘি পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

 

বাসস