বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ করবে জাপান
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে এ বিনিয়োগ আসার কথা রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যৌথ বিবৃতির মাধ্যমে বিনিয়োগ পরিকল্পনাটি ঘোষণার কথা রয়েছে।
এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের শিল্প ও বিনিয়োগ খাতের বিকাশ ত্বরান্বিত করা। বিশেষ করে উৎপাদনশিল্প, জ্বালানি অবকাঠামো ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাপানের সম্ভাব্য বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হলো অটোমোবাইল শিল্প ও উন্নত উৎপাদন খাত। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর আধুনিকায়ন এবং নতুন শিল্প স্থাপনের উদ্যোগেও বিনিয়োগ আসতে পারে।
এ ছাড়া জাপানি বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন জাপানি প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম ও উৎপাদন ইউনিট স্থাপনের সম্ভাবনা রয়েছে।
নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়েও তথ্য তুলে ধরা হয়েছে। এ ধরনের চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর ও অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বিনিয়োগের প্রকৃত পরিমাণ ও বাস্তবায়নের অগ্রগতি নির্ভর করবে সংশ্লিষ্ট চুক্তি, প্রকল্প অনুমোদন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সিদ্ধান্তের ওপর।


