ব্যাটারিচালিত রিকশা নিয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

অন্যান্য
ব্যাটারিচালিত রিকশা নিয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার
২৫ আগস্ট ২০২৬

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এতে মানুষের চলাচলে কিছুটা সুবিধা হলেও যানজটসহ নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। একই সঙ্গে রিকশাচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং যানবাহনগুলোর কারিগরি নিরাপত্তা ও মান নিয়েও প্রশ্ন রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, সরকার খুব দ্রুত এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করবে। কোন এলাকায় এবং কতটুকু ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা কেমন হবে এবং চালকদের প্রশিক্ষণের বিষয়গুলো নীতিমালায় নির্ধারণ করা হবে। এর মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার চলাচলে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর দ্বিতীয় পর্যায় শুরুর বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ কর্মসূচিতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।

ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে তা দ্রুত বাজারে ব্যয় হবে। এতে উপকারভোগী পরিবারের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে চাহিদা তৈরি হবে। এর ফলে নতুন ব্যবসা, শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড শুধু দরিদ্র মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার কর্মসূচি নয়; এর মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতে চাহিদা ও কর্মসংস্থান তৈরিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে মৎস্য খাতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কৃষির অন্যান্য খাতের মতো মৎস্য খাতেও দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদীর জর্জ ইনস্টিটিউট স্টেডিয়ামে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন মৎস্য পেশাজীবী, ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে পদক দেওয়া হয়েছে।