জাতীয় মাছের চড়া দাম, ইলিশ এখন সামর্থ্যবানদের পাতে
বর্ষার মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে জাতীয় এই মাছ। রাজধানীর বিভিন্ন বাজারে ছোট-বড় নানা আকারের ইলিশ পাওয়া গেলেও আকার ও মানভেদে কেজিপ্রতি দাম উঠেছে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত।
ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৫০ থেকে ৮০০ টাকা দরে। ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের মাছের দাম প্রায় ১ হাজার ২০০ টাকা। ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৭০০ টাকা কেজি দরে।
অন্যদিকে এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম উঠেছে প্রায় ২ হাজার ৮০০ টাকা কেজি। কিছু বাজারে এক থেকে দেড় কেজি ওজনের বড় ইলিশ ৩ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।
কারওয়ান বাজার, মেরুল বাড্ডা, বনশ্রী, রামপুরা, সেগুনবাগিচা ও মগবাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার ২০০ টাকা কেজি। এক কেজি বা কাছাকাছি ওজনের মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা দরে।
এদিকে এমন দামে ইলিশ কিনতে এসে হতাশ সাধারণ ক্রেতারা। তাদের ভাষ্য, মৌসুমে ইলিশ কেনার আগ্রহ থাকলেও দাম বেশি হওয়ায় তা সম্ভব হচ্ছে না। ছোট মাছের দাম তুলনামূলক কম হলেও ভালো আকারের ইলিশ কিনতে গেলে গুনতে হচ্ছে বাড়তি টাকা।
বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশের সরবরাহ থাকলেও বড় আকারের মাছ তুলনামূলক কম আসছে। মোকাম থেকেই বেশি দামে মাছ কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারে দাম কমানোর সুযোগ নেই। সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন তারা।
ফলে বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের দেখা মিললেও চড়া দামের কারণে সাধারণ মানুষের জন্য তা এখন অনেকটাই বিলাসী খাবারে পরিণত হয়েছে।


