নুরের ওপর হামলা ও কাকরাইল সংঘর্ষের নিন্দা জানালেন তারেক রহমান
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী বেআইনি মবের শাসন থেকে দেশকে মুক্ত করতে হবে।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি। এই সময় জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। তাই বর্তমান পরিস্থিতি যেন দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”
তারেক রহমান আরও বলেন, “বিএনপি ও এর মিত্ররা সংযম ও সহনশীলতা বজায় রাখার মাধ্যমে গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে চাই। দেশের অগ্রগতি ও শান্তির জন্য মবের শাসন এবং সহিংসতার সংস্কৃতি থেকে মুক্তি অপরিহার্য।”
তিনি বলেন, “আইনের শাসন শক্তিশালী করতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল সমাজ গড়ে তুলতে হবে। শুধুমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায় আনা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাবে।”
বিবৃতিতে তারেক রহমান নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করে ঘটনাটির স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


