আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া ও তারেক রহমান
দেশের রাজনৈতিক অঙ্গনে বড় চমক—আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমি কোনো শঙ্কা দেখি না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে—ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের মানুষ ভোট দিতে প্রস্তুত এবং পরিবর্তনের জন্য মুখিয়ে আছে।”
বিএনপি নির্বাচনে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী—এই প্রশ্নের জবাবে স্পষ্ট করে তিনি বলেন, “জনগণের রায়ে বিএনপি যদি ক্ষমতায় আসে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”
দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের প্রবাস জীবন নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা থাকলেও এবার দলীয়ভাবে তাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বিএনপির নতুন কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আশা করছি, তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন। দলের প্রস্তুতি ও জনগণের প্রত্যাশা উভয়ই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।”
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি আজ নতুন করে জেগে উঠেছে। আসন্ন নির্বাচনে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”


