তিন সুন্নি দলের সমন্বয়ে ‘বৃহত্তর সুন্নি জোট’ আত্মপ্রকাশ
সুন্নি মতাদর্শ অনুসরণকারী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বৃহত্তর সুন্নী জোট’ আত্মপ্রকাশ করেছে। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের ঘোষণা দেওয়া হয়।
নতুন জোটে রয়েছে—ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। তিনি বলেন, “সংস্কার প্রশ্নে গত এক বছরে দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারঘনিষ্ঠ অনেকের দুর্নীতি ও অপকর্ম চব্বিশের আন্দোলনের মূল চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে।”
তিনি আরও বলেন, “আমরা জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে চাই, সেই লক্ষ্যে দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী অবস্থানই হবে আমাদের প্রথম অঙ্গীকার।”
সংবাদ সম্মেলনে জোটের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যক্ষ আল্লামা স. উ. ম. আবদুস সামাদ। তিনি বলেন, “দেশের ধর্মপ্রাণ মানুষ ও জাতির স্থিতিশীলতা রক্ষায় সুন্নি জোট একটি বিকল্প রাজনৈতিক ধারা হিসেবে আত্মপ্রকাশ করেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
-
পীরে তরিকত আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
-
আল্লামা এম এ মতিন
-
আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী
এছাড়া বিভিন্ন জেলা থেকে আগত ধর্মীয় ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।
জোট নেতারা জানান, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সুন্নি ইসলামি মূল্যবোধকে ভিত্তি করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংস্কার সাধনের চেষ্টা চালাবে।


