হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা, ছানামুখীর সেতুবন্ধন

রাজনীতি
হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা, ছানামুখীর সেতুবন্ধন
নিউজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৫

২৪ থেকে ৩০ আগস্টের মাঝে রাজনীতির মাঠে যেন এক নতুন মোড়। রাজনৈতিক বিরোধের পরও সৌজন্যতাকে প্রাধান্য দিয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর মধ্যে উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হতে শুরু করেছে। দুই পক্ষের দূরত্ব কমাতে ভুমিকা রেখেছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত জিআই পণ্য ছানামুখী।

শনিবার রাতে বিজয়নগরের ছতুরগ্রামে একটি উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,
“রুমিন ফারহানা আমাদের আগমন সম্পর্কে জানার পর তার কর্মীদের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন এবং আমাদের জন্য কিছু উপহার পাঠিয়েছেন। এটি রাজনীতিতে সৌজন্যের একটি ভালো দৃষ্টান্ত। আমরা এর ইতিবাচক বার্তা গ্রহণ করছি।”

এই সৌজন্য উপহারের মধ্যে ছানামুখী থাকায় সেটি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বইছে। এদিকে রুমিন ফারহানার পিএস জাকির হোসেন শুভও বিষয়টি নিশ্চিত করে বলেন,
“দলীয় নেত্রী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানা সব সময় সংযত ও শালীন রাজনীতির পক্ষে। এনসিপি নেতাদের প্রতি সৌজন্য দেখানো তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে এখনো সরাসরি রুমিন ফারহানার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

২৪ আগস্ট নির্বাচন কমিশনে বিজয়নগর আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে শুনানিতে দুই দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রুমিন ফারহানা অভিযোগ করেন, তাকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করা হয়। অন্যদিকে এনসিপির নেতা মো. আতাউল্লাহ পাল্টা অভিযোগ করেন, রুমিন ও তার অনুসারীরা হামলা চালিয়েছেন।

পরবর্তীতে এই দ্বন্দ্ব সামাজিক মাধ্যমেও গড়ায়। হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে “বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক” বললে, পাল্টা জবাবে রুমিন সামাজিক মাধ্যমে এক তীব্র মন্তব্য করেন। পরে অবশ্য তিনি দুঃখ প্রকাশ করেন।

বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন,
“আমরা ২৪ পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতা চাই না। মতপার্থক্য থাকবে, এটাই গণতন্ত্র। কিন্তু সহিংসতা গণতন্ত্রের শত্রু। আমাদের উচিত ইতিবাচক রাজনীতির দিকে যাওয়া।”

রাজনীতিতে সৌজন্য ও পারস্পরিক সম্মান বর্তমানে একধরনের বিলুপ্তপ্রায় চর্চা হয়ে উঠলেও ছানামুখীকে কেন্দ্র করে শুরু হওয়া এই সৌহার্দ্যের আভাস অনেকের কাছেই আশাজাগানিয়া। অনেকেই বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষ হলেও মানবিক সম্পর্ক অটুট থাকলে গণতন্ত্র শক্তিশালী হয়।