প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানাল এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অভ্যুত্থান-পরবর্তী পুনর্বাসন, নিরাপত্তা, গুম, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও নারীদের অংশগ্রহণসহ একাধিক ইস্যুতে দাবি জানিয়েছে।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠক শেষে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, “অভ্যুত্থানের এক বছর পার হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও পুনর্বাসনের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিশেষ করে প্রবাসী যারা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, তাদের আইনি সহায়তার দাবি জানিয়েছি।”
আদীব আরও বলেন, “গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে যেসব রাষ্ট্রীয় সংস্থার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া যেসব সংস্থা অতীতে নির্বাচন প্রভাবিত করেছে, তাদেরও জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি।”
বৈঠকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টার সক্রিয় ভূমিকার দাবি জানানো হয়। আদীব জানান, “জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের প্রস্তাব পেশ করেছি।”
জাতীয় পার্টি প্রসঙ্গে আদীব বলেন, “গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। এমনকি তাদের পোস্টারে ‘আওয়ামী মনোনীত প্রার্থী’ লেখা ছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। তাই জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের জন্য আমরা আহ্বান জানিয়েছি।”
এনসিপি দাবি জানিয়েছে, “কমপক্ষে ১০০ আসনে সরাসরি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে যারা ১৮ বছরে পা দেবে, তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”
বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে আদীব বলেন, “ছাত্র সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছি।”


