তারেক রহমানের উপহার পেল নেত্রকোনার রিফাত
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রিফাত এবার পেল নতুন এক চলার সঙ্গী—হুইলচেয়ার। উপহারটি এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কেন্দুয়ায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে হুইলচেয়ারটি রিফাতের হাতে তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই জামান সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা। রিফাত ও তার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে তাঁরা বলেন, এই ধরনের মানবিক সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত করা হবে।
হুইলচেয়ার হস্তান্তরের সময় মোস্তফা-ই জামান সেলিম বলেন,
“তারেক রহমান সবসময় মানবিক উদ্যোগকে গুরুত্ব দেন। সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায় নয়, এটি মানবিক দায়িত্বও।”
রিফাতের বাবা বাচ্চু মিয়া বলেন,
“এই হুইলচেয়ার আমাদের ছেলের জন্য আশীর্বাদ। এতদিন ওকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে কষ্ট হতো। এখন সে কিছুটা স্বাধীনভাবে চলাচল করতে পারবে। আমরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।”
রিফাত নিজেও হুইলচেয়ারটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তাকে উৎসাহ দিতে স্থানীয় নেতাকর্মীরাও পাশে ছিলেন।


