জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তনের পথে, আসছে জাতীয় পতাকার আদলে নতুন ডিজাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামি কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে নতুন লোগো।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসুন্ধরায় দলীয় কার্যালয়ে দেখা যায় একটি নতুন লোগো, যা অনেকটাই বাংলাদেশের জাতীয় পতাকার রঙ ও আকৃতির আদলে তৈরি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, “আমরা লোগো পরিবর্তনের চিন্তা করছি। দলের আমিরের নির্দেশে কয়েকটি বিকল্প ডিজাইন করা হয়েছে। আজকে যে লোগোটি দেখা গেছে, সেটি এখনও চূড়ান্ত নয় এবং ভুলবশত ছবিতে চলে এসেছে।”
তিনি আরও বলেন, “আগের লোগোটি আমরা কখনও অফিসিয়ালি ব্যবহার করিনি। গণমাধ্যমে ব্যবহৃত হয়ে আসছিল। নতুন লোগোটি হবে আমাদের দলের নীতিগত দৃষ্টিভঙ্গি ও আধুনিক রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখে ডিজাইন করা।”
বিশ্লেষকদের মতে, এই লোগো পরিবর্তন দলটির ভাবমূর্তিতে একটি কৌশলগত রূপান্তরের ইঙ্গিত হতে পারে—বিশেষ করে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক জলঘোলার প্রেক্ষাপটে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাহী পরিষদের আলোচনা শেষে চূড়ান্ত লোগোটি খুব শিগগিরই প্রকাশ করা হবে এবং সেটিই হবে অফিসিয়াল লোগো।


