নির্বাচনী মাঠে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে বুলেটপ্রুফ মিনিবাস

রাজনীতি
নির্বাচনী মাঠে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে বুলেটপ্রুফ মিনিবাস
নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও সরব হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ১০ বছর পর সরাসরি নির্বাচনী প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। দলীয় সূত্র বলছে, তার জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেটপ্রুফ মিনিবাস জাপান থেকে আমদানি করা হচ্ছে।

বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় মিনিবাসটি কাস্টম ডিজাইন করা হয়েছে। এতে তার সঙ্গে থাকবেন চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা ও ঘনিষ্ঠ সহকর্মীরা। মিনিবাসেই তিনি দেশজুড়ে সফর করবেন এবং নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

দলীয় সূত্রে আরও জানা গেছে, খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ফেনী-১ আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শারীরিকভাবে তিনি প্রচারে অংশ নিতে না পারেন, সেক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে অংশগ্রহণ করবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “চেয়ারপারসন মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে কথা বলছেন। এটি নির্বাচনী প্রস্তুতিরই অংশ। তফসিল ঘোষণার পর বিষয়গুলো পরিষ্কার হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “প্রচারে অংশ নেওয়া ম্যাডামের নিজের সিদ্ধান্ত। শারীরিকভাবে যদি সক্ষম থাকেন, তাহলে তিনি অবশ্যই মাঠে নামবেন।”

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। যদি তার শারীরিক সক্ষমতা অনুমতি দেয়, তাহলে তিনি নিশ্চিতভাবেই নির্বাচনে ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, “একজন কর্মী হিসেবে বিশ্বাস করি, ম্যাডামের অংশগ্রহণ কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার সফরের সূচি, রুট প্ল্যান ও সম্ভাব্য জনসভাস্থল নির্ধারণের কাজ চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার নির্বাচনী সফরের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।