জাতিসংঘের সহায়তা চায় জামায়াত, সুষ্ঠু নির্বাচনের দাবিতে গোয়েন লুইসের সঙ্গে বৈঠক
আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যে জাতিসংঘের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস-এর সঙ্গে এক ঘনিষ্ঠ বৈঠকে এই অনুরোধ জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টা হুমা খান এবং জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান)।
দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ,মানবাধিকার পরিস্থিতি,রোহিঙ্গা সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচন।
জামায়াতের পক্ষ থেকে উল্লেখ করা হয়, আগামী নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে, আন্তর্জাতিক মানদণ্ডে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য জাতিসংঘের তদারকি ও কারিগরি সহায়তা প্রয়োজন।
বৈঠকে জামায়াত প্রতিনিধি দল নারী সমাজের অধিকার সুরক্ষা ও কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে। এ বিষয়ে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, পুরো বৈঠকটি ছিল “সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক”। জাতিসংঘ প্রতিনিধিরা দলটির দৃষ্টিভঙ্গি ও প্রস্তাবনায় মনোযোগ দিয়ে শোনেন এবং সংলাপ অব্যাহত রাখার আশ্বাস দেন।


