নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে — সোহরাওয়ার্দীতে ফখরুল

রাজনীতি
নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে — সোহরাওয়ার্দীতে ফখরুল
নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক শিক্ষক মহাসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা এমন একটি সময় পার করছি, যখন নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করা। সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কেউ এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন—একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ—সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। শিক্ষকদের ভূমিকা সেই পথচলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

শিক্ষকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আপনারা শুধু শিক্ষক নন, জাতি গঠনের স্থপতি। বর্তমান বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, নৈতিকতা ও মানবিকতা-ভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অপরিহার্য।”

এই সমাবেশে উপস্থিত নেতারা জানান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বিভিন্ন দাবি যেমন চাকরি জাতীয়করণ, অবসরের বয়সসীমা বৃদ্ধি, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ—সবই বিএনপির ৩১ দফা রোডম্যাপে অন্তর্ভুক্ত রয়েছে।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষক সমাজের অবদানকে স্মরণ করেন এবং ন্যায্য দাবিগুলোকে ‘ন্যায়সঙ্গত’ বলে অভিহিত করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শিক্ষক নেতারা।