উপদেষ্টাদের কলরেকর্ড ফাঁসের হুমকি ‘ব্ল্যাকমেইলিং ও বেআইনি’: রিজভী
“উপদেষ্টাদের কলরেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির হাতে যাওয়া বেআইনি ও স্পষ্ট ব্ল্যাকমেইলিং,” — এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচরে এক মানবিক সহায়তা কার্যক্রমে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অসুস্থ শিশু হুনাইফার চিকিৎসার জন্য তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়।
রিজভী অভিযোগ করেন,
“একটি ইসলামিক দলের নেতা বলেছেন, তাদের কাছে উপদেষ্টাদের কলরেকর্ড আছে, তা ফাঁস করবেন। জনমনে প্রশ্ন উঠেছে—এই কলরেকর্ড একজন রাজনৈতিক নেতার কাছে গেল কীভাবে? এটা বেআইনি, ন্যক্কারজনক এবং স্পষ্টভাবে ব্ল্যাকমেইলিং।”
তিনি আরও বলেন, এ ধরনের আচরণ গণতান্ত্রিক ঐক্য ও সুষ্ঠু রাজনীতির পরিপন্থী। “গোপন সংলাপ বা ফোনালাপ নিয়ে এমন হুমকি রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছে,” মন্তব্য করেন বিএনপির এই নেতা।
জুলাই সনদ নিয়ে বিলম্ব ও “নোট অব ডিসেন্ট” প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি বলেন,
“একটি চূড়ান্ত পর্যায়ে এসে ঐকমত্য তৈরি হওয়া সত্ত্বেও এখন গণভোট ও কিছু ছোটখাটো ইস্যু তুলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কেন এই অপ্রয়োজনীয় জটিলতা?”
তিনি আরও বলেন,
“গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হলে দ্রুত ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। নয়তো জনগণের চাওয়া বাধাগ্রস্ত হবে এবং একমাত্র উপকৃত হবে ফ্যাসিস্ট শক্তি।”
আগামীকাল ১৭ অক্টোবর শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে সব রাজনৈতিক দল একযোগে অংশ নেবে—এমন আশা প্রকাশ করেন রিজভী।
তিনি বলেন,
“আমরা আশা করি, গণতন্ত্র, আইনের শাসন, বাকস্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে স্বাক্ষর করবে।”
অনুষ্ঠানে শিশু হুনাইফার চিকিৎসার জন্য সহায়তা প্রদানের মাধ্যমে রিজভী বিএনপির মানবিক দিকটি তুলে ধরেন।
“ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আমাদের অঙ্গীকার। কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়—এই লক্ষ্যেই আমরা কাজ করছি,” বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুমন,উপদেষ্টা ও কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত,ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।


