ইসি খাট-বেগুন দিতে চায়, শাপলা ছাড়া কোনো অপশন নেই: হাসনাত আবদুল্লাহ

রাজনীতি
ইসি খাট-বেগুন দিতে চায়, শাপলা ছাড়া কোনো অপশন নেই: হাসনাত আবদুল্লাহ
নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) দ্বারে বারবার কড়া নাড়লেও ইসি দলটিকে ‘খাট’, ‘বেগুন’সহ ৫০টি প্রতীকের তালিকা থেকে বেছে নিতে বলেছে। তবে এনসিপি নেতারা জানিয়েছেন, তারা অন্য কোনো প্রতীক নিতে রাজি নন।

রোববার ইসি সচিবালয়ে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন,

“শাপলার কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আমাদের শাপলা প্রতীক না দেওয়ার কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। আমরা এই প্রতীক অর্জন করব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হাসনাত অভিযোগ করেন,

“এই কমিশন কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। আমরা চাই না, নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিক যাতে আবার নুরুল হুদার কমিশনের মতো বিতর্ক তৈরি হয়।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন,

“ইসি আমাদের যে ৫০টি প্রতীকের তালিকা দিয়েছে, তাতে ‘খাট’ আর ‘বেগুন’ জাতীয় প্রতীক রয়েছে। কিন্তু আমরা এখান থেকে কোনো প্রতীক নিতে রাজি নই।”

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও প্রতীক বরাদ্দ নিয়ে নানা জটিলতা দেখা দিচ্ছে। এরই অংশ হিসেবে এনসিপি দাবি করছে, ‘শাপলা’ তাদের সাংগঠনিক পরিচয়ের প্রতীক, এবং সেটি না পাওয়া রাজনৈতিক বৈষম্যের শামিল।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।