শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ: আমান উল্লাহ আমান

রাজনীতি
শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ: আমান উল্লাহ আমান
নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান দাবি করেছেন, এই অগ্নিকাণ্ড ‘স্বাভাবিক নয়’ এবং তা ‘পরিকল্পিত নাশকতার’ অংশ হতে পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ভারতে অবস্থান করে এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ও জনগণের ক্ষতি করে চলেছে।”

অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ৯০-এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ডেমোক্রেটিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমানবন্দরের আগুনের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করে আমান বলেন, “সরকারের প্রতি আহ্বান থাকবে—এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বারবার আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া উদ্বেগজনক।”

নির্বাচন প্রসঙ্গে আমান বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা সে সময়ই নির্বাচন প্রত্যাশা করছি। তবে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। জনগণ এবার নিজেদের ভোটাধিকার ফিরে পেতে চায়।”

তিনি আরও বলেন, “নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো লাভ হবে না, জনগণই রুখে দাঁড়াবে।”

স্মরণ সভায় বক্তারা প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরেন। আমান উল্লাহ আমান বলেন, “তিনি ছিলেন একজন আদর্শবাদী নেতা, যার জীবনজুড়ে ছিল সাধারণ জীবনযাপন ও জনগণের জন্য রাজনীতি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনসহ ৯০-এর ছাত্র নেতৃবৃন্দ ও ১২ দলীয় জোটের নেতারা।