ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান

রাজনীতি
ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান
নিউজ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “রাষ্ট্রের অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। প্রতিটি মানুষের ভেতরের প্রতিভাকে বিকশিত করতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে। শিক্ষার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিক করার জন্য ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছে।

এদিকে একইদিন ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

তিনি বলেন, “যে জাতি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে দৃঢ় থাকে, সে জাতি কখনো পরাজিত হয় না। আমাদের শিক্ষায় সেই চেতনা ফিরিয়ে আনতে হবে।”

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে সাংস্কৃতিক ও নৈতিক অবক্ষয় ঘটেছে। তিনি বলেন, “নীতি-নৈতিকতাহীন সমাজ কখনো শক্তিশালী হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সম্ভব।”