ওমরা পালনে আগামী মাসে সৌদি যাচ্ছেন তারেক রহমান

রাজনীতি
ওমরা পালনে আগামী মাসে সৌদি যাচ্ছেন তারেক রহমান
নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তিনি জানান, “তারেক রহমান আগামী মাসের ২০ থেকে ২১ তারিখের মধ্যে সৌদি আরব যাবেন। ওমরা সম্পন্ন করে তিনি পুনরায় লন্ডনে ফিরে যাবেন।”

বাংলাদেশে তারেক রহমানের ফেরার সময়সূচি প্রসঙ্গে ফজলে এলাহী আকবর বলেন, “লন্ডনে ফিরে নভেম্বরের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের শুরুর দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তবে, এখনো নির্দিষ্ট দিন ঠিক হয়নি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, “আমরা ২৩ নভেম্বরকে সম্ভাব্য তারিখ ধরে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করছি। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।”

তিনি আরও জানান, জাপান থেকে তারেক রহমানের ব্যবহারের জন্য আনা একটি বুলেটপ্রুফ গাড়ি তখন পর্যন্ত ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দেশে ফেরার পর তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী ও বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়।