নির্বাচনের আগে জাতীয় পার্টির ফয়সালা হওয়া জরুরি: নুরুল হক নুর
আগামী জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টির অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি সতর্ক করে বলেন, “জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না করে নির্বাচনে গেলে তা জাতীয় রাজনীতির জন্য অশনি সংকেত ডেকে আনবে।”
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “আমরা কোনোভাবেই নির্বাচন বিঘ্নিত করতে চাই না। কিন্তু আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় জাতীয় পার্টি যদি নির্বাচনমুখী হয়, তাহলে সেটি সরকারের পুনরুত্থানের মাধ্যম হতে পারে। ফরিদপুর, মাদারীপুর, খুলনাসহ আওয়ামী লীগ-ঘেঁষা এলাকায় জাতীয় পার্টিকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হতে পারে।”
তিনি অভিযোগ করেন, “জিএম কাদের প্রকাশ্যে বলেছেন—আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হবে না। এ বক্তব্য প্রমাণ করে জাতীয় পার্টি এখনো শাসক দলের প্রভাবমুক্ত নয়। এমন মন্তব্য করার পরও তিনি কীভাবে রাজপথে অবস্থান করছেন, সেটি প্রশাসনের সহায়তা ছাড়া সম্ভব নয়।”
গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, “আমরা চাই আগামীর বাংলাদেশ হবে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়া একটি রাষ্ট্র—যেখানে বিভাজন, হানাহানি ও দমননীতি থাকবে না। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই আমাদের আন্দোলন।”
গণহত্যার বিচারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নুর বলেন, “ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যে নিষ্ঠার সঙ্গে কাজ করছে, তাতে আমরা আশাবাদী। তবে নির্বাচন বিলম্বিত হলে বা অনিশ্চয়তা তৈরি হলে তা দেশের রাজনীতিতে ভয়াবহ বিপর্যয় বয়ে আনতে পারে।”
তিনি আরও আহ্বান জানান, “জাতীয় পার্টি নিয়ে স্পষ্ট অবস্থান না নিলে নির্বাচনী প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে। তাই সময় থাকতে এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়াই এখন জরুরি।”


