নতুন আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

রাজনীতি
নতুন আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো নতুন দল বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

দলটির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া সংবাদ সম্মেলনে বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ ও একটি উন্নত, আধুনিক রাষ্ট্র গঠনই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা অটুট রাখতে অঙ্গীকারবদ্ধ। দেশের উন্নয়ন, মানবাধিকার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করাই হবে আমাদের প্রধান কর্মপরিকল্পনা।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিইউপির ঘোষণাপত্রে ১৮ দফা লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়েছে।

১. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন, সুরক্ষা নিশ্চিত করা।
২. জুলাই যোদ্ধা, চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা।
৩. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগী বিচারালয় গড়ে তোলা।
৪. এই জনপদের হাজার বছরের সংস্কৃতি ও কৃষ্টিকে ধারণ ও লালন করে আমাদের নিজস্ব জাতীয়তাকে বিকশিত করা।
৫. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা অবিচল থাকা।
৬. প্রকৃত গণতান্ত্রিক চর্চা ধারাকে সমুন্নত ও প্রতিষ্ঠিত করা।
৭. মানবাধিকার, বাক্ ও ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সব ধর্মের সমমর্যাদা নিশ্চিত করা।
৮. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র দূরীকরণ।
৯. আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী প্রযুক্তিনির্ভর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
১০. দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা।
১১. দেশ পুণর্গঠনে নারীদের অংশগ্রহণ ও যথোপযুক্ত স্থানে যুক্ত করা, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সব কর্মক্ষেত্রে নারীদের সমঅধিকার সংরক্ষণ করা।
১২. পরিবেশের সুরক্ষা ও আন্তর্জাতিক টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
১৩. যুব সমাজকে সৃজনশীল কাজে অংশগ্রহণ নিশ্চিত করা।
১৪. প্রবাসী সুরক্ষা নীতিমালা প্রণয়ন, বিদেশে বাংলাদেশি শ্রমিকদের সব ধরনের সুরক্ষাসহ তাদের ভোটাধিকারের ব্যবস্থা গ্রহণ করা।
১৫. দেশের স্বার্থে বলিষ্ঠ বৈদেশিক পররাষ্ট্রনীতি গ্রহণ করা।
১৬. দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও বলিষ্ঠ পদক্ষেপ ও কার্যকরী ভূমিকা গ্রহণ করা।
১৭. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের অধিকার নিশ্চিত করা ও তাদের সুরক্ষা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা।
১৮. কৃষক, শ্রমিক তথা মেহনতি মানুষের কল্যাণ ও তাদের যথাযথ মূল্যায়ন ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা।

দলটির নেতারা জানান, “বাংলাদেশ ইউনাইটেড পার্টি হবে জনগণের স্বপ্ন ও অধিকার বাস্তবায়নের একটি গণমুখী প্ল্যাটফর্ম।”