ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন আহমদ

রাজনীতি
ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন আহমদ
নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কার্যক্রমে বিএনপি গভীর হতাশা প্রকাশ করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কমিশনের সাম্প্রতিক প্রস্তাবগুলো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তি তৈরি হতে পারে।

বুধবার রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “১৭ অক্টোবর স্বাক্ষরিত দলিলটি জুলাই সনদের বাস্তবায়নপন্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ৪৮ দফা নিয়ে গণভোটের কথা বলা হয়েছে, কিন্তু এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এতদিন ধরে যে বৈঠক ও আলোচনাগুলো হয়েছে, তার উদ্দেশ্য এখন প্রশ্নবিদ্ধ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোতে যে ঐক্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, বাস্তবে তা জাতিকে আরও বিভক্ত করছে। “কমিশন কী অর্জন করতে চায়, তা স্পষ্ট নয়,” বলেন তিনি।

আরপিও ও জোটের প্রতীক ইস্যুতে তিনি বলেন, “জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারাই যৌক্তিক। কিন্তু এখন বলা হচ্ছে, প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক দল এই প্রস্তাবকে সমর্থন করেছে, যা বিএনপির প্রত্যাশার সঙ্গে যায় না।”

বিএনপি নেতা বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে—এটাই তাদের প্রত্যাশা। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দলটি হতাশ হয়েছে।
“ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে আমরা গভীর হতাশা প্রকাশ করছি,” বলেন সালাহউদ্দিন আহমদ।