বিএনপিকে সতর্কবার্তা দিল জামায়াত
নওগাঁ, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঝিনাইদহে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব হামলাকে ‘গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতে ইসলামীর নারী সদস্যদের নির্বাচনী উঠান বৈঠকে এক যুবক প্রবেশ করে বৈঠক পণ্ডের চেষ্টা চালায় ও হামলা করে। একই দিন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে নারীকর্মীদের কোরআন তালিমের ক্লাসে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়ে নারীদের হেনস্তা করে।
এ ছাড়া, গত ২০ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে নারীকর্মীদের গণসংযোগ কর্মসূচিতে বিএনপি নেতাদের নেতৃত্বে হামলার অভিযোগ করা হয়েছে। এতে অন্তত আটজন আহত হন।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “নির্বাচনী সমাবেশ, কোরআন তালিম বা যেকোনো শান্তিপূর্ণ সভা আয়োজন দেশের নাগরিক অধিকার। নারী কর্মীদের ওপর হামলা বর্বরোচিত ও অগ্রহণযোগ্য।”
তিনি বলেন, “এই হামলা আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলের আচরণ মনে করিয়ে দেয়, যা রাজনৈতিকভাবে ঘৃণিত। বিএনপি নেতাদের অনুরোধ করছি—তাদের কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখুন।”
জামায়াত নেতা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।


