কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার সুযোগ নেই: বিএনপিকে পাটওয়ারী
আ. লীগকে পুনর্বাসনে সংস্কার কমিশনকে ভিন্নখাতে নিতে চেয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নির্বাচন আগে নাকি গণভোট—এই বিতর্কে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, তখন বিএনপির জুলাই সনদে সই নিয়ে নতুন করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, “বিএনপি অনলাইনে ‘না’ শব্দ প্রচার করছে, কিন্তু তাদের ‘না’ বলার কোনো সুযোগ নেই। তারা ইতোমধ্যে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। কাবিননামায় সই করে এখন ‘না’ বলার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “বিএনপির উচিত ছিল ভেবেচিন্তে জুলাই সনদে সই করা। এখন তারা একটি প্রতিশ্রুতির মধ্যে আবদ্ধ।”
জামায়াতের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপার হাউজের পিআর সিস্টেম লোয়ার হাউজে এনে পুরো কাঠামোটি নষ্ট করে দেওয়া হয়েছে। জামায়াতের মুখে এক, অন্তরে আরেক—এই দ্বিচারিতা জাতির সামনে স্পষ্ট হচ্ছে।”
তিনি আরও ধারণা দেন, “গণভোট প্রশ্নে জামায়াত পরবর্তীতে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, এমনকি ইলেকশনের দিনেই গণভোটে রাজি হতে পারে।”
ড. ইউনূসের নেতৃত্বাধীন সংস্কার কমিশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কমিশন তাদের সুপারিশ দিয়েছে, এখন বল ড. ইউনূসের কোর্টে। তবে যেহেতু তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, বাংলাদেশের এই পিছলা মাঠে সাবধানে হাঁটতে হবে।”
এ সময় তিনি কমিশনের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, “ড. আসিফ নজরুল ড্রাফট প্রকাশ না করে অসৎ উদ্দেশ্য নিতে পারেন। তাই আমরা বলছি, প্রথমে এটি প্রকাশ করতে হবে। প্রকাশের পর যদি দেখি এটি গ্রহণযোগ্য, তাহলে আমরা স্বাক্ষর করব।”


