অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকটের জন্য সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকার দায়ী। তিনি অভিযোগ করেন, “তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আস্থার সেতু ভেঙে দিয়েছে।”
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “যেদিন ঐকমত্যের নথি জমা দেওয়া হলো, সেদিন বৃষ্টির মধ্যেও সব রাজনৈতিক দল একত্র হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে নথি উপস্থাপনের পর দেখা গেলো বড় পার্থক্য।”
তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকার যে কমিশন তৈরি করেছে, তারা প্রায় এক বছর আলোচনা করেছে। আমরা সংস্কার নিয়ে অনেক বিষয়ে একমত হয়েছিলাম। কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম, কিন্তু মূল কাঠামোতে ঐকমত্য ছিল। অথচ আমাদের দেওয়া মতামতগুলো চূড়ান্ত নথিতে উল্লেখ করা হয়নি।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা যে বিশ্বাসযোগ্যতা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার তা রাখেনি। জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাই আমরা বলেছি— ইটস অ্যা ব্রিচ অব ট্রাস্ট।”
মির্জা ফখরুল জানান, বিএনপি নির্বাচনে গেলে তাদের ঘোষণাপত্রে (ম্যানিফেস্টো) ঐকমত্যের বিষয়গুলো থাকবে। জনগণ ভোট দিলে দলটি সেই সংস্কার বাস্তবায়ন করবে; ভোট না পেলে বিষয়গুলো বাদ যাবে।


