পটিয়ায় জামায়াতের ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৯০০ রোগীকে সেবা
চট্টগ্রামের পটিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে ৯০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে পটিয়া পৌরসদরের পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনি ও প্রসূতি, চর্মরোগ এবং শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। এছাড়া ডায়াবেটিক পরীক্ষা, ইসিজি ও প্রাথমিক চিকিৎসা সেবাও দেওয়া হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম–১২ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম।
সভায় সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি দেলোয়ার হোসাইন, এবং সঞ্চালনা করেন জয়নাল আবেদিন আয়াজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আরিফুর রশিদ, সাবেক উপজেলা আমির মোজাফফর আহমদ, পৌর জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আনোয়ার আলম, এবং স্থানীয় জামায়াত ও শিবির নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। বর্তমানে দেশের বেসরকারি স্বাস্থ্যখাতে জামায়াতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”
তিনি আরও বলেন, “শিক্ষা, ব্যবসা ও সমাজসেবার ক্ষেত্রেও জামায়াতে ইসলামী সক্রিয় ভূমিকা রাখছে। সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য।”


