দেড় যুগ পর রাজনীতিতে ফেরত, নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর

রাজনীতি
দেড় যুগ পর রাজনীতিতে ফেরত, নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর
নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দেড় যুগ পর রাজনীতির মাঠে তার এই প্রত্যাবর্তনকে বিএনপির বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, প্রাথমিক তালিকা হিসেবে এ প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় কিছু আসনে প্রার্থী পরিবর্তনের সুযোগ থাকবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

লুৎফুজ্জামান বাবর প্রথমবার নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। পরের দুইটি সংসদ নির্বাচনে (১৯৯৬ ও ২০০১) বিএনপির প্রার্থী হয়ে জয়ী হন তিনি। ২০০১ সালের নির্বাচনের পর চার দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বাবর।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হন তিনি এবং একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত হন। এর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের রায়ে ধাপে ধাপে মুক্তি পান তিনি। সর্বশেষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও খালাস পান বাবর।

দীর্ঘ কারাবাস শেষে সম্প্রতি নিজ এলাকায় ফিরে স্থানীয় সমর্থকদের সঙ্গে দেখা করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার প্রার্থিতা নেত্রকোনায় বিএনপির সংগঠনে নতুন উদ্দীপনা আনবে।