সীতাকুণ্ডে সহিংসতা ও সড়ক অবরোধে জড়িত চার নেতাকে বহিষ্কার করল বিএনপি

রাজনীতি
সীতাকুণ্ডে সহিংসতা ও সড়ক অবরোধে জড়িত চার নেতাকে বহিষ্কার করল বিএনপি
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় মনোনয়ন নিয়ে সহিংসতা ও সড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর সীতাকুণ্ডের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা সবাই বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সোমবার রাত ৮টার দিকে বিএনপির মনোনয়ন ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণার পরই আসলাম চৌধুরীর সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে টায়ারে আগুন দেন, এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় টহল জোরদার করেছে বলে জানা গেছে।