মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত

রাজনীতি
মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মাদারীপুর-১ (শিবচর) আসনের রাজনীতি। বিক্ষোভ ও সহিংসতার জেরে আসনটির মনোনয়ন স্থগিত করেছে বিএনপি।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে তিনি বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে প্রার্থী করা হয়েছিল। তবে অনিবার্য কারণে উক্ত আসনের মনোনয়ন ও মনোনীত প্রার্থীর নাম আপাতত স্থগিত রাখা হয়েছে।”

সোমবার (৩ নভেম্বর) বিকেলে কামাল জামান মোল্লাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই শিবচরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন।

তারা শিবচর পৌর এলাকায় সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয় এবং স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির উচ্চ পর্যায় পরিস্থিতি পর্যালোচনা করে মনোনয়ন প্রক্রিয়া সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেয়।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানিয়েছে, ঘটনাটি তদন্তে দলীয়ভাবে একটি কমিটি গঠন করা হবে। কমিটি স্থানীয় পর্যায়ে যাচাই করে দেখবে— মনোনয়ন ঘোষণার পর সহিংসতার পেছনে কারা ছিল এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কি না।

মনোনয়ন স্থগিতের ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অনেকে দ্রুত প্রার্থী ঘোষণার দাবি জানাচ্ছেন।

এক স্থানীয় বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“কেন্দ্র যেভাবে দেখছে, আমরাও সেই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। তবে দীর্ঘসূত্রতা যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব পুরোনো। নির্বাচনের আগে এই ধরণের অস্থিরতা দলীয় ঐক্যকে প্রভাবিত করতে পারে।