এটাই আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন পাওয়ার পর এক আবেগঘন বার্তায় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন,
“মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা ও নেত্রীকে ধন্যবাদ জানাই। দলের কর্মীদেরও আন্তরিক ধন্যবাদ আজীবন আমার পাশে থাকার জন্য।”
পোস্টে তিনি রাজনৈতিক জীবনের নানা ত্যাগ ও পারিবারিক সংগ্রামের কথাও তুলে ধরেন। লেখেন,
“আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিই, তখন আমার মেয়েরা ছোট। আমার স্ত্রীও অনেক তরুণী ছিলেন— কিন্তু তিনি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে বাধ্য হন। মেয়ের অপারেশনের সময়ও আমি গাড়িতে বা মসজিদে কাটিয়েছি, পাশে থাকতে পারিনি।”
এই অভিজ্ঞতার স্মৃতিচারণ শেষে তিনি জানান,
“এই নির্বাচন সম্ভবত আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, তারা বিশ্বাস রাখুন— দল আপনাদের যথাযথ সম্মান ও দায়িত্ব দেবে।”
মির্জা ফখরুল আরও আহ্বান জানান,
“সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জনগণের পাশে থেকে কাজ করব।”
তার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, দলের মহাসচিবের এই মানবিক বার্তা ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা তৈরি করেছে।


