আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে: রাশেদ খান
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)**সহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই তালিকায় নাম না থাকায় কমিশনের প্রধান ফটকের সামনে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশন শুরু করেছেন।
আজ (বুধবার) বিকেলে তার অনশন কর্মসূচির প্রতি সংহতি জানাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আসেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
সংহতি জানাতে এসে রাশেদ খান বলেন,
“তারেক রহমান ভাইয়ের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে। রাজপথে সংগ্রামী নেতাদের দল বাদ দিয়ে ভুঁইফোড় দলগুলোকে নিবন্ধন দেওয়া অনৈতিক।”
তিনি আরও বলেন,
“তারেক ভাই প্রায় ২০ ঘণ্টা ধরে অনশন করছেন। তিনি একজন রাজপথের লড়াকু সৈনিক, যিনি ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধেও সবসময় লড়েছেন। অথচ তার দলের নিবন্ধন দেওয়া হয়নি— এটা অগ্রহণযোগ্য।”
রাশেদ খান প্রশ্ন তোলেন,
“যে দলগুলো রাজপথে কখনো দেখা যায়নি, কেবল বাসা-বাড়িকে অফিস দেখিয়ে কমিটি জমা দিয়েছে, তারা কীভাবে নিবন্ধন পেল? রাজপথে সক্রিয়তা না দেখিয়ে শুধু কাগজে-কলমে দল গঠন করলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি অভিযোগ করেন,
“এর আগেও ২০২৪ সালের তথাকথিত নির্বাচনের আগে বিএনএম, সুপ্রিম পার্টির মতো দলগুলোকে ডিজিএফআই-এর নির্দেশে নিবন্ধন দেওয়া হয়েছিল। আমরা সেই সময়ই বলেছিলাম— এসব ভুঁইফোড় দলের নিবন্ধন বাতিল করতে হবে। কিন্তু এখনো সেই প্রবণতা চলছে।”
নিবন্ধন পাওয়া বাংলাদেশ আম জনগণ পার্টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাশেদ খান বলেন,
“ডেসটিনি গ্রুপ ৪২ লাখ মানুষের অর্থ আত্মসাৎ করেছিল। সেই প্রতিষ্ঠানের এমডি রফিকুল আমীন জেল থেকে বের হয়ে দল গঠন করলেন, আর সেই দল নিবন্ধন পেল! অথচ আমজনতার মতো রাজপথে থাকা দল বঞ্চিত।”
রাশেদ খান জানান,
“তারেক ভাই এখন অসুস্থ হয়ে পড়ছেন। ২০ ঘণ্টারও বেশি সময় ধরে তিনি না খেয়ে রয়েছেন, সারারাত মশার কামড়ে কষ্ট পেয়েছেন। এমন একজন সংগ্রামী নেতার পাশে নির্বাচন কমিশন নীরব থাকতে পারে না। আমি এখন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করব।”
অন্যদিকে, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন,
“চূড়ান্ত পর্যালোচনার পর তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। আগামীকাল এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।”


