৮ দলের ৫ দফা দাবি বাস্তবায়নে ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা

রাজনীতি
৮ দলের ৫ দফা দাবি বাস্তবায়নে ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে আন্দোলনরত ৮ দলীয় জোট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার জানান, শুরুতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্বে থাকলেও, ৮ দল প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি জমা দিতে চেয়েছিল। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “আমরা শিল্প উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি এবং আমাদের ৫ দফা দাবি তুলে ধরেছি। তিনি আমাদের দাবির বিষয়ে কোনো আপত্তি জানাননি এবং বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।”

এসময় তিনি সরকারের উদ্দেশে সতর্ক করে বলেন, “১১ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশের আগে যদি আমাদের ৫ দফা দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে ঢাকার পরিস্থিতি ভিন্ন হতে পারে।”

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ ৮ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।