ধানের শীষে ভোট চাওয়ায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা জামায়াত প্রার্থীর

রাজনীতি
ধানের শীষে ভোট চাওয়ায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা জামায়াত প্রার্থীর
নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫

বরিশাল-১ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের বড় ছেলে এবং কেন্দ্রীয় যুবদল নেতা আরাফাত বিল্লাহ খান সম্প্রতি এক জনসভায় বাবার বিপরীতে গিয়ে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ভোট চেয়েছেন।

এই ঘটনায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ভোটারদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাফাত বিল্লাহ খানের বক্তব্য ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে, জামায়াতে ইসলামী প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান রবিবার (৯ নভেম্বর) নিজ ফেসবুক পেজে ঘোষণা করেছেন, “আমার বড় ছেলে আরাফাতকে শিবিরে নিয়ে আসার চেষ্টা ব্যর্থ হয়েছে। আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি।” পরে তিনি পোস্টটি মুছে ফেলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পোস্টটি ডিলেট করা হলেও প্রার্থী জানান, “ছেলের বক্তব্য ভোটে কোনো প্রভাব ফেলবে না। আমরা আমাদের নির্বাচনী লক্ষ্য বজায় রাখব।”

উল্লেখ্য, আরাফাত বিল্লাহ খান শনিবার (৮ নভেম্বর) গৌরনদী পাইলট স্কুল মাঠে এক জনসভায় বলেন, “আমি জেনেশুনেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। আমার অভিজ্ঞতা অনুযায়ী বিএনপি প্রার্থী স্বপন ভাই দুইবারের এমপি, তাই আমরা আমাদের সুরক্ষার স্বার্থে তাকে বিজয়ী করবো।”

এই ঘটনা বরিশাল-১ আসনের নির্বাচনী মহলে নতুন রকমের রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে।