ক্যানসার আক্রান্ত মা ও পঙ্গু ছেলের পাশে তারেক রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ক্যানসার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলেকে সহায়তার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশের একটি বেসরকারি টেলিভিশনে ‘ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যানসার’ শিরোনামের প্রতিবেদন প্রচারের পর বিষয়টি তার নজরে আসে।
ঘটনাটি জানার পর তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন পরিবারটির খোঁজ নিতে এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে।
তার নির্দেশনা অনুযায়ী সোমবার সকালে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে অসহায় মা ও ছেলের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিরা। এ সময় সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।
আতিকুর রহমান রুমন জানান, “তারেক রহমান মানবিক এ পরিস্থিতিতে আমাদের সবাইকে আহ্বান জানিয়েছেন—যাতে আমরা এই অসহায় পরিবারের পাশে দাঁড়াই।”
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।
‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা জানিয়েছেন, কেবল চিকিৎসা নয়, পরিবারটির দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থাও করা হবে।


