আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শিবিরের বিক্ষোভ
রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে তারা গুলিস্তান পার্টি অফিসের সামনে সড়কে অবস্থান শুরু করে।
এ সময় শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার দাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগান দিতে থাকেন এবং দলটির নিষিদ্ধ কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান।
শিবির ঢাকা মহানগর দক্ষিণের কর্মী জাহিদুল ইসলাম বলেন,
“গণহত্যাকারী আওয়ামী লীগের যেকোনো নাশকতা প্রতিহত করতে আমরা প্রস্তুত। তাদের কোনো কার্যক্রম আমরা চলতে দেব না। আজ দিনভর আমরা এখানে অবস্থান করব।”
অন্যদিকে, বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে থাকা আবিদ হোসেন জানান, গুলিস্তানের পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় আরও ১৩টি স্থানে অবস্থান কর্মসূচি চলছে।
“আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে আমরা প্রস্তুত,” তিনি বলেন।
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির কারণে বৃহস্পতিবার সকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম দেখা গেছে। তবে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।
সকালে ঢাকার প্রধান সড়কগুলোয় মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। গুলিস্তান, পল্টন, ফার্মগেট ও মৎস্যভবনসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পুলিশ বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স ও টহল টিম মোতায়েন করা হয়েছে।


