একই দিনে ভোট ও গণভোটে জনগণের মত উপেক্ষিত: জামায়াতে ইসলামী

রাজনীতি
একই দিনে ভোট ও গণভোটে জনগণের মত উপেক্ষিত: জামায়াতে ইসলামী
নিউজ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তে জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “আমরা বারবার অনুরোধ করেছি— গণভোট ও সংসদ নির্বাচন একদিনে করা উচিত নয়। যুক্তিসহ দাবি জানানো হলেও সেটি উপেক্ষা করা হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি প্রশ্ন তোলেন, “জাতীয় নির্বাচনে প্রতিবারই কিছু কেন্দ্রে সমস্যা দেখা দেয়, ভোটগ্রহণ স্থগিত হয়। যদি প্রতীকের ভোট বন্ধ থাকে, তাহলে একই দিনে গণভোটের ভোটের কী হবে?”

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “এমন সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটারের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হবে। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট নেওয়ার প্রস্তাব দিয়েছিল আট দল, কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষণায় সেই সংকটের সমাধান আসেনি।”

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর দলটির নির্বাহী পরিষদ বৈঠক করে প্রধান উপদেষ্টার ভাষণে দেওয়া সব সিদ্ধান্ত পর্যালোচনা করবে। পাশাপাশি সমমনা আট দলের অন্যান্য রাজনৈতিক সংগঠনও নিজেদের অবস্থান স্পষ্ট করবে।

গোলাম পরওয়ার বলেন, “সব দলের মতামত মিলিয়ে যৌথ প্রতিক্রিয়া ঘোষণা করা হবে। দেশের জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখে সিদ্ধান্ত নেবে জামায়াত ও এর মিত্ররা।”