ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানিবণ্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব থাকবে: মির্জা ফখরুল

রাজনীতি
ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানিবণ্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব থাকবে: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় এলে পদ্মা ও তিস্তার ন্যায্য পানিবণ্টন এবং ফারাক্কা ইস্যুতে জোর দেওয়া হবে। তিনি সতর্ক করেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলবেন, দাদাগিরির কোনও সুযোগ থাকবে না।

শনিবার সকালে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। ফখরুল বলেন, “প্রতিটি দেশই তার স্বার্থ রক্ষা করে, এটা স্বাভাবিক। তবে জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে পদ্মা-তিস্তার পানিবণ্টনের ন্যায্য অধিকার আদায়ে আমরা গুরুত্ব দেব।”

চাঁপাইনবাবগঞ্জে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে জেলা পর্যায়ের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পদ্মার ন্যায্য পানিবণ্টন নিশ্চিতের দাবিতে জেলার প্রতিটি উপজেলায় চলমান কর্মসূচির ধারাবাহিকতায় এই সমাবেশ আয়োজন করা হয়েছে। কর্মসূচির সূচনা হয়েছিল ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মধ্য দিয়ে, এরপর প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন চেয়ারপারসনের অন্য উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্যবিষয়ক সহসম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।